প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2026 ইং
নগরকান্দায় সাবেক এমপি শাহাদাত আকবার লাবু চৌধুরীর এ পি এস গ্রেফতার।

স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাতৎ হোসেন
ফরিদপুরের নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আয়মন আকবর লাবু চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আজাদ হোসেনকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ। গতকাল রাত আনুমানিক ২টার দিকে মিরপুরের পল্লবী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সালথা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে দায়ের করা হয়। মামলার নম্বর ১৬।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আজাদ হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়।
পুলিশের ওই অভিযানে নগরকান্দা থানার এসআই নাজমুল হোসেন ও এএসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল অংশ নেয়। পরে মিরপুর-পল্লবী পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় রাত আনুমানিক ২টার দিকে মিরপুরের নিজ বাসা থেকে আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে আজাদ হোসেন সাবেক সংসদ সদস্য আয়মন আকবর লাবু চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এ ছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে আজাদ হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ তাকে ‘মামা বাহিনী’র প্রধান হিসেবেও অভিহিত করেন। তবে ‘মামা বাহিনী’ নামে কোনো সংগঠনের অস্তিত্ব বা ওই বাহিনীর সঙ্গে আজাদ হোসেনের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর তাকে সালথা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “যুবলীগ নেতা আজাদ হোসেনকে গতকাল রাত আনুমানিক ২টার দিকে ঢাকার মিরপুরে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সালথা থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
গ্রেপ্তার হওয়া আজাদ হোসেন নগরকান্দা পৌরসভার নগরকান্দা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. এনায়েত মাতুব্বর।
পুলিশ জানিয়েছে, মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
© দৈনিক চেতনার কন্ঠ